নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে আফরোজা আব্বাস ও বিএনপির নেতা-কর্মীরা শান্তিবাগের এরশাদ স্কুলের সামনে থেকে দ্বিতীয় দিনের মতো প্রচার শুরু করেন। এ সময় তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাসের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি আত্মগোপনে রয়েছেন।

আফরোজা আব্বাস বলেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান ক্ষেত্র) তৈরি হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। কেবল সরকার দলীয় নেতারাই নির্বাচনী প্রচারণার পরিবেশ পেলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কমে যাবে। আশা করি, সরকার ও নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করবে। তিনি বলেন, আব্বাসের নামে যে মামলা আছে তা রাজনৈতিক, মিথ্যা ও হয়রানিমূলক। আশা করি, অবিলম্বে তাঁর জামিনের ব্যবস্থা করা হবে। জামিন পেলেই মির্জা আব্বাস প্রচারে নামবেন বলে জানান তিনি।

আফরোজা আব্বাস ইতিমধ্যে রাজধানীর শান্তিবাগ, মালিবাগ মোড়, চামেলীবাগ ও শান্তিনগর এলাকায় প্রচার চালান। এ সময় তাঁকে প্রচারপত্র বিতরণ করতে দেখা যায়। তাঁর সঙ্গে ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেক, ছাত্রদলের সাবেক সহসভাপতি বজলুল করিম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই