চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংঘর্ষের তদন্তের জন্য আসা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির চার নেতাদের সামনেই মারপিটের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আইন সম্পাদক আবু সাঈদ মারজান ও ছাত্রলীগ নেতা আজিজুল হক।
শনিবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট জেলা পুলিশের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
হামলার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের তিন সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, সাকিব হাসান সুইম ও যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ডল।
মারপিটের শিকার হওয়া মারজান ও আজিজুল হক দুইজনই সদ্য প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী।
ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের একটি সূত্র জানায়, চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ তার অনুসারীরা কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলছিলেন। এ সময় মারজান ও আজিজুল এলে তাদের ওপর হামলা চালায় টিপুর অনুসারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রলীগের নেতাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।
দিয়াজের অনুসারী ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন বলেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই টিপুর নির্দেশেই আমাদের দুই নেতার ওপর হামলা চালানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হাসান সুইম বিষয়টির সত্যতা স্বীকার করে ‘টাইমনিউজবিডিকে’ বলেন, ঘটনার সময় আমরা একটু দূরে ছিলাম। পরে আমরা তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশ ফাঁড়ির সদস্য জাহাঙ্গীর বলেন, দুই ছাত্রলীগ নেতাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এখন তাদের চিকিৎসা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়। যার কারণে কেন্দ্রীয় নেতারা রাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
মাসুম /মাহমুদ





