বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আওয়ামী অপশাসনে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অপশাসনের কারণে রমযান মাসেও মানুষ শান্তিতে বাস করতে পারছে না। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই ফ্যাসিষ্ট দলকে ক্ষমতাচ্যুত করার কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর একটি মিলনায়তনে  সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শিবির সভাপতি বলেন, আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় এসেছে। জনসমর্থন ছাড়াই তারা সরকার গঠন করেছে বলে জনগণের প্রতিও তাদের কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। সরকার মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। একদিকে মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে বেঁচে থাকতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না। আমাদেরকে এই অপশাসকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই এই জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। অন্যথায় বাংলাদেশ ধ্বংসের দিকেই এগিয়ে যাবে।

তিনি আরও বলেন,অবৈধ সরকার সন্ত্রাসী ও এদের গডফাদারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের পাশে থাকার ঘোষনা দিচ্ছেন অন্যদিকে বিশ্ববরেণ্য আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি রেখে তাদের কষ্ট দিচ্ছে। আমরা অনতি বিলম্বে সরকারের এমন পক্ষপাত মূলক আচরন পরিহার করে ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশে অন্যায়ভাবে আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানাচ্ছি।

বৈঠক শেষে শিবিরি সভাপতি সারাদেশের নবনির্বাচিত দায়িত্বশীলরা যেন যথাযথভাবে তাদের দ্বীনি দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই