ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল সন্ধ্যার পরে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, খোকনকে ২০১৭ সালের একটি মামলায় গ্রেফতারের পর রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোকনের বাসায় তল্লাশি চালিয়েছেন বলে জানা গেছে।
আনিসুর রহমান খোকন র্যাবের হাতে আটক হয়েছেন বলে দাবি করেছিল বিএনপি। সোমবার রাতে তাকে রাজধানীর গুলিস্তানে রমনা হোটেল থেকে আটক করা হয়। অবশ্য র্যাব তাকে আটকের কথা অস্বীকার করে। সোমবার মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেন, সোমবার সন্ধ্যায় খোকন রমনা হোটেলে মাদারীপুর জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে দেখা করতে যান।
রাত ৮টার দিকে সেখান থেকে র্যাব-৩ এর একটি দল তাকে কালো মাইক্রোবাসে তুলে নেয়। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খোকনের মুক্তি দাবি করেন। খোকনের পরিবারের পক্ষ থেকেও ওই দাবি করা হয়। তাকে আটক করা হয়েছে, না অন্য কিছু ঘটেছে তা নিয়ে তার স্বজনরা উদ্বিগ্ন ছিলেন।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে র্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান নয়া দিগন্তকে বলেন, খোকনকে গ্রেফতারের পর তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় যোগাযোগ করলে বিস্তারিত পাওয়া যাবে।
২০১৫ সালের মার্চেও এভাবে ধরে নেয়ার পর নিখোঁজ হয়েছিলেন আনিসুর রহমান খোকন। পরে ১৪ জুন র্যাব তাকে গ্রেফতার দেখায়।
এবিসিদ্দিক





