গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে লড়তে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাসিকের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেন, মায়ের কথায় এই শহরকে সুন্দর রাখতে তার পাশে দাঁড়িয়েছি।
আজ মঙ্গলবার (০৯ মে) তার মা জায়েদা খাতুনের প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের এসব বলেন তিনি। এর আগে একই দিন গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
মেয়র পদে আট প্রার্থীর মধ্যে অন্য প্রার্থীর জন্য বরাদ্দকৃত প্রতীকগুলো হচ্ছে, অ্যাডভোকেট আজমত উল্লাহ খান (নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), সরকার শাহানুর ইসলাম রনি (হাতি), গাজী আতাউর রহমান (হাতপাখা), হারুন অর রশিদ (ঘোড়া) ও রাজু আহম্মেদ (গোলাপ ফুল)।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন প্রতীক নিতে আসেন। এ সময় সঙ্গে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন।
প্রতীক পাওয়ার পর জায়েদা খাতুন বলন, মঙ্গলবার সকালে লটারিতে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছি। গাজীপুর সিটি করপোরেশনের সবার কাছে ভোট চাই। আমি লড়াই করছি জনগণের জন্য। আমার সঙ্গে সিটি করপোরেশনের জনগণ রয়েছে।
এবিএস





