সরকারের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘অবরোধকে বেআইনি ঘোষণা করুন’। অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও এ সময় সরকারের প্রতি দাবি জানান তিনি।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ সব দাবি তুলেন। দেশের চলমান রাজনীতি নিয়ে ওই সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘সরকারের প্রতি আমার আহবান, অবরোধকে বেআইনি ও অগণতান্ত্রিক ঘোষণা করুন। ধৈর্যের একটা সীমা আছে, সব কিছুর একটা শেষ আছে।’
অবিলম্বে অবরোধ বেআইনি ঘোষণা করে অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা অবরোধ দেবে ও এই কর্মসূচিতে অংশ নেবে তাদের কঠোর শাস্তি দিতে হবে।’

শীতের মৌসুমে বিএনপির অবরোধের কারণে কৃষকরা মৌসুমী সবজি বিক্রি করতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষকদের বাজার নষ্ট করাই তাদের (বিএনপি) উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য রপ্তানি ব্যাহত করা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা খন্দকার এমদাদুল হক সেলিম।
জেআই