একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যানও পূন:নির্বাচনের দাবিতে আগামি ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে নির্বাচনে ক্ষতিগ্রস্ত ভোটার ও প্রার্থীদের ২৪ ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি দিয়েছে ঐক্যফ্রন্ট।

আজ (৩১ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকে এই কর্মসূচি ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকটি চলে প্রায় ২ ঘণ্টা ধরে।

কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অবৈধ সংসদের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে এবং আগামী ২৪ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন- গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা রেজা কিবরিয়া প্রমুখ। 

এমবি