বিএনপি-জামায়াত চুপ করে বসে নেই। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির জম্মই হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাই তাদের ষড়যন্ত্র চিহ্নিত করা কঠিন। তবে বিএনপির ষড়যন্ত্র চিহ্নিত করতে না পারলে আমাদের রাজনীতি ধ্বংস হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের অবস্থা এখন ভালো না। সংগঠনকে শক্তিশালী না করতে পারলে আমাদের পতন হবে। তাই দলের নেতা-কর্মীদের সংগঠনের দিকে নজর দেয়ার আহ্বান জানান তিনি।
সতীশ চন্দ্র রায় বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয় বলেই নির্বাচনে না এসে ভোট যুদ্ধকে ঠেকানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক বলেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সংগ্রামের মাধ্যমে ভোট যুদ্ধ শেষ করছে।
সংগঠনের উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
ঢাকা, এমআর, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর