বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে। এটা দেশের জনগণের সকলের দাবি।’
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল এই দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক সিদ্ধান্ত।’
‘এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাদের জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। সে কারণে তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েই চলেছে।’
গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে। এটা দেশের জনগণের সকলের দাবি।’
তিনি আরোও বলেন, ‘সময় হয়েছে আমাদের প্রতিবাদ করবার, আমাদের সোচ্চার হবার। শান্তিপূর্ণভাবে এই সরকারকে আমরা বাধ্য করব একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য’
বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে একের পর এক চুক্তি করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যেহেতু এই সরকার নির্বাচিত নয়, জনগণের সরকার নয়, তার জন্য জনগণের প্রতি তাদের দায়-দায়িত্ব নেই। তাই জনগণের ওপরে সরাসরি এবং ইনডাইরেক্ট ট্যাক্স (পরোক্ষ কর) বসিয়ে এইভাবে এই সরকার গায়ের জোরে দেশ পরিচালনা করছে।’
কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, গ্যাসের দাম বাড়ানোয় বিরূপ প্রভাব পড়বে গোটা অর্থনীতিতেই। তাঁরা অভিযোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সাধারণ মানুষের খরচের বোঝার দায়ও নিতে চায় না বর্তমান সরকার।
কর্মসূচিতে দলীয় লোককে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হয়েছে অভিযোগ করে বিএনপির নেতারা বলেন, নতুন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করবে বিএনপি। তবে ২০১৪ সালের মতো ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
এমবি





