সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবীর। 

আজ (২০ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।  

রফিকুল ইসলাম মিয়ার পিএস মোকসেদুর রহমান আবীর জানিয়েছেন, স্যার সারাদিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিলেন। সন্ধ্যায় বাসায় ফেরার কিছু সময় পরেই ডিবি পুলিশের একদল সদস্য তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর ইস্কাটনের বাসা থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন।  

এর আগে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মঙ্গলবারই (২০ নভেম্বর) বিএনপির এই নেতাকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব।  

এমবি