আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি চলে যাওয়ার পর আওয়ামী লীগের সহ-সম্পাদক ও উপস্থিত কর্মীরা একটি বৈঠকে বসেন। তখন তাদের দু’গ্রুপের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
সেখানে উপস্থিত এক নেতা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর মধ্যে বৈঠকে বসা নিয়ে এ ঘটনা ঘটে। এসময় তাদের এক জন আরেকজনকে শিবির বলে আখ্যায়িত করে বলেন,“ভাই ওরে ধরেন, ও শিবির করে, ও শিবিরের লোক”।
এ গণ্ডগোল চলাকালে তাদের মধ্য থেকে একজন গিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে ডেকে আনেন। পরে তার হস্থক্ষেপে পরিবেশ শান্ত হয়।
এর কিছুক্ষণ আগে ওই একই কার্যালয়ের দ্বিতীয় তলায় আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক নেতা আরকে নেতাকে বলেন,“এই তুই আমাকে চিনিস, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোন ধারণা আছে”?
ঢাকা, এমআর, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি





