বর্তমানে দেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তাদের কার্যক্রম দেখে মনে হয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতায় আছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একে খন্দকার আওয়ামী লীগের গোমর ফাঁস করে দেয়ায় তারা এখন তার বিচার দাবি করছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে উপ-অধিনায়ক যদি ইতিহাসের কোনো অসত্য তথ্য দিয়ে থাকেন তার বিচার করবে দেশের জনগণ।
এমকে আনোয়ার বলেন, দেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল কয়েকটি আদর্শকে সামনে রেখে। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। তারা এখন গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করতে চায়।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পূর্নব্যক্ত করে সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের দাবি মেনে নিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের আন্দোলনের মুখে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক হাবীব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
ঢাকা, এমএইচ, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





