আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানবতা বিরোধী অপরাধী দায়ে আটক জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পরার কারণে তার রায় স্থগিত করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা আশা করছি তিনি সুস্থবোধ করলেই আদালত নিজামীর রায় ঘোষনা করবেন।

মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত প্রথম থেকেই এ রায়কে বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা সফল হয়নি। ২০০৮ সালের নির্বাচনে আমরা কথা দিয়েছিলাম সকল যুদ্ধাপরাধীর বিচার করবো। আমরা আমাদের কথা রেখেছি। দু’এক জনের বিচার করা হয়েছে বাকিদের ও করা হবে।

‘হাছান ভাই আপনি বলছেন বিএনপি-জামায়াত এ বিচারকে বিলম্বিত করতে চায়’। তাহলে সরকার কি ভয় পাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সরকারের কোন হাত নেই। আসামীর উপস্থিতিতে রায় প্রদানের নিয়ম রয়েছে। তিনি অসুস্থ হওয়ার কারণে আদালত রায় স্থগিত করেছেন। সুস্থ হলেই আদালত এটা বিবেচান করবেন।

ঢাকা, এমআর, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ