বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

২ বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮জনকে পুড়িয়ে হত্যার মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আজ সোমবার মামলায় অভিযুক্ত ৭৮ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম এই আদেশ দেন বলে পিপি সাংবাদিকদের জানান।

বিএনপির ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। তাতে বাসটিতে আগুন ধরে ৮জন মারা যায়।

এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৫৬ জনসহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে চৌদ্দগ্রামে মামলা করা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ অভিযোগপত্র দেয়। এতে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে আসামি করা হয়।

এমবি