আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের র‌্যালী কর্মসুচিতে পুলিশী বাধা ও নারীদের ওপর আক্রমণের প্রতিবাদে আগামী ১০ মার্চ সারাদেশের জেলায় জেলায় ও ঢাকা মহানগরীর থানায় থানায়  কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
শনিবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আজকের মহিলা দলের  কর্মসুচিতে পুলিশি বাধা ও অনুমতি না দেয়ায় তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষণা দেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
শিরিন সুলতানা আরও বলেন, সকল আইন মেনে ও স্থান উল্লেখ করে আমরা পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। তারপরও তারা কর্মসুচি পালনের অনুমতি দেয়নি।
তিনি আরও বলেন, ক্ষমতা লোভের জন্যই বর্তমান অবৈধ সরকার বিরোধী দলের যে কোনো কর্মসুচিকে ভয় পায়। কারণ এদের কোনো গণভিত্তি নেই। তাই এরা পুলিশি বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
শিরিন সুলতানা বলেন, এ সরকারের আমলে নারীর সম্মান, মর্যাদা ও সম্ভ্রম কোনো কিছুই নিরাপদ থাকেনি। সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দাপটের সাথে দেশের বিভিন্ন জায়গায় নারীদের উপর আক্রমন করছে। এদের তাণ্ডবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানী চরম মাত্রায় পৌছেছে। বর্তমানে বাংলাদেশে নারীদের নিরাপত্তার চরম সংকট চলছে।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী সরকারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের নারী নির্যাতনের ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে। এর ফলে দেশে নারী নির্যাতনের তালিকা দীর্ঘ হচ্ছে।
তিনি বলেন, দেশ যখন স্বৈরাচার দ্বারা আক্রান্ত হয় তখন সমাজ ও রাষ্ট্রের কোথাও নাগরিক স্বাধীনতা থাকেনা।
মহিলা দলের এই নেত্রী বলেন, হাসিনা সরকার বিরোধীদলের যেকোন কর্মসুচি দেখলেই ভয় পায় আর সেই জন্য কোন শান্তিপূর্ণ কর্মসুচি পালন করতে দেয়না। এরা পুলিশী বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু ক্ষমতা জবরদখলকারী এই সরকারের সমুলে উচ্ছেদে চারদিকে দামামা বেজে উঠেছে। নারী-পুরুষ নির্বিশেষে গণতন্ত্রকামী জনতা এই সরকারের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের শপথ নিয়েছে।
সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায়  নয়া পল্টনে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে র্যাালি বের করার কথা ছিল। কিন্তু অনুমতি না থাকার অজুহাতে পুলিশ র্যা লি করতে বাধা দেয়।
এতে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। প্রায় ১ ঘণ্টা সময় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ তাদের ঘিরে রাখে। এসময় পুলিশি বেষ্টনীর মধ্যে থেকেই তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
[b]ঢাকা, এমএইচ, ৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]