ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আওয়ামী সরকার জনমতের কোন তোয়াক্কা না করেই দেশ চালাচ্ছে। কিন্তু সরকারকে একদিন ঠিকই জনগণের কাছে জবাবদীহি করতে হবে। সরকারে থেকে যারা একের পর এক অপকর্ম করেই যাচ্ছে, জনগণ সময়মত তাদের উপযুক্ত শিক্ষাই দেবে।

ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে রাজধানীর এক মিলনায়তনে এই পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মো: তামিম হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাঈদুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী, স্কুল সম্পাদক ওয়েছ খান নুর সোহেল,শিক্ষা সম্পাদক ডা: মুজাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক আব্দুল আলিম, এইচ.আর.ডি সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক গোলাম হায়দার সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিবির সভাপতি বলেন, বিগত সময়ে শতশত নিরপরাধ মানুষকে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে হত্যা করা হয়েছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে। আজ জনতার খুনে নিজেদের হাত রাঙ্গিয়ে যারা আবার বিচারের নামে অবিচারের সংস্কৃতি চালু করেছে, তাদেরও বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে না।

তিনি আরও বলেন, মাওলানা নিজামী, আল্লামা সাঈদীদের কারা প্রকোষ্ঠে আটকে রেখে সরকার নিজের পায়েই কুড়াল মারছে। ইসলামী আন্দোলনের এই বরেণ্য নেতাদের মানুষ মুক্ত দেখতে চায়। বিচারের নামে চলমান অবিচার বন্ধ না হলে জনবিচ্ছিন্ন এই সরকারকে চরম মাশুল দিতে হবে।

তিনি বলেন, ছাত্রশিবির নির্যাতন প্রতিরোধ করে এই পর্যন্ত এসেছে। নির্যাতন করে এই সংগঠনকে দমানো যাবে না। দেশের জন্য আমাদের কাজ অব্যাহত থাকবে...।

শিবির সভাপতি তৃণমূল পর্যন্ত সংগঠনের কাজ সমানভাবে জোরদার রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই