শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন করতে না দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো দলের সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে এ নিন্দা জানান ফখরুল।
বিএনপি নেতা বলেন, ‘আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ায় সরকার বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করল। সরকারের এই একগুঁয়েমি সিদ্ধান্ত দেশের জন্য অশুভ বার্তা। সরকারের এ ধরনের বাধা দেওয়ার ঘটনা নজিরবিহীন এবং ব্যক্তিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার তথা গণতন্ত্র যে কত বিপন্ন তা এই ঘটনায় বিশ্ববাসীর কাছে আবার সুস্পষ্টভাবে প্রমাণিত হলো। ব্যক্তি আক্রোশ, স্বেচ্ছাচারিতা ও একতরফা আধিপত্য এখন বাংলাদেশের রাষ্ট্রচরিত্র।
যার আবার বহিঃপ্রকাশ দেখা গেল ইউনূস সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পুলিশি বাধার মধ্য দিয়ে। সরকারের এই অসদাচরণের মধ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ সম্পর্কে বিরূপ ধারণা আরো তীব্রতর হবে। গণতন্ত্র ও বহুত্ববাদকে জলাঞ্জলি দিয়ে স্বেচ্ছাচার ও দুর্নীতিকে আলিঙ্গন করার জন্যই সরকার বেপরোয়া নীতি গ্রহণ করেছে।’
তিনি বলেন, “আমি ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন পুলিশি বাধায় বানচাল করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, বিলম্বে অনুমতি চাওয়ায় ইউনূস সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি বলেন, এটা কোনোভাবে সরকারের সিদ্ধান্ত না।
একই দিন ইউনূস সেন্টার থেকে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ২৮, ২৯ জুলাই তারিখের আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি।’আরো বলা হয়, সম্মেলনে যোগদানের জন্য এরই মধ্যে প্রায় ২০০ অংশগ্রহণকারী বিদেশ থেকে এসে গেছেন।
এর মধ্যে রয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাস। সম্মেলনে তাঁর মূল বক্তব্য রাখার কথা ছিল। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা। আনুমানিক ২০০০ জনের এ সম্মেলনে ৫০টি দেশ থেকে মোট ৪০০-র বেশি বিদেশি অংশগ্রহণকারী যোগদানের জন্য নিবন্ধন করেছিলেন।
এমবি





