এরশাদ একজন খুনি। উনি মঞ্জুরকে হত্যা করেছেন, জিয়াউর রহমানকে খুন করেছেন। স্বৈরশাসন চালিয়ে বহু মানুষকে হত্যা করেছেন এরশাদ। তার বিচার করতে হবে। বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া এমন অভিযোগ করেন।
রোববার বিকালে গুম, খুন ও হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে বেগম জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার এরশাদের মতো বড় খুনিকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করছে। জঙ্গিদের মদদ দাতা যুবলীগের মতো অঙ্গসংগঠন দিয়ে দেশে খুনের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন, এই সরকারের শুরু থেকেই গুম, খুন এবং অপহরণের ঘটনা ঘটছে। স্বাধীনতার পর সিরাজ শিকদারকে গুমসহ দেশের সাধারণ মানুষকে অপহরণ করা হয়। এছাড়া ১৯৯৬ সালেও এ ধরণের ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন বলেন, এই গুম, খুন এবং হত্যা ঠেকাতে আমরা র‌্যাব গঠন করেছিলাম। আজ তাদের নিজেদের স্বার্থে র‌্যাবকে ব্যবহার করে জণগনের কাছে খারাপ করা হচ্ছে। পুলিশ বাহিনীতে নিজেদের লোক বসিয়ে দেশের মানুষের চোখের পানি ঝরাচ্ছে।
এই হত্যাকাণ্ড থেকে সরে এসে নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠনের আহবান জানান খালেদা জিয়া।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]