আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ রোববার রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সেইসঙ্গে উদ্যান এলাকা দিয়ে চলাচলকারী জনসাধারণের ওপর কড়া নজরদারি থাকবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে উদ্যানে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক-শৃংখলা, মঞ্চ ও সাজসজ্জা এবং খাদ্য উপ-কমিটির এক যৌথ সভায় তিনি এসব কথা জানান।

নানক বলেন, আজ থেকে আগামী ২৩ তারিখ পর্যন্ত এই উদ্যানে কোনো প্রকার মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। এমনকি উদ্যানে জনসাধারণের চলাচলের ওপর কড়া নজরদারি থাকবে।

তিনি বলেন, রাতে জনসাধারণ চলাচল করতে পারবে। তবে তাদের গলায় আইডি কার্ড ঝুলানো থাকতে হবে। রাত সাড়ে ১২টার পর এই উদ্যানে কেউ থাকতে পারবে না।

আগামী ২২ ও ২৩ অক্টোবর দলটির জাতীয় সম্মেলনের ভেন্যুর নিরাপত্তার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও যুগ্ম-সম্পাদক ড. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আবুল হাসনাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), মির্জা আজম, মোল্লা মো. আবু কাউছার, ফরিদুন্নাহার লাইলি ও দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ ছাড়া আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সম্মেলনের বিভিন্ন উপ-কমিটি, মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএম