জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে এ দেশের মানুষ “জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের গডফাদার হিসেবেই চেনেন” বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

আজ বিকেলে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তিনি (ইনু) ও তার সহযোগিরা কিভাবে স্বাধীনতাত্তোর সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেননি- সে কথা আওয়ামী লীগের সেসময়ের নেতা-কর্মীরা এখনও ভুলে যেতে পারেন না।

হত্যা, খুন, ব্যাংক ডাকাতি ও পাটের গুদামে আগুন দেয়ার সেসময়ের ঘটনাগুলো দেশকে যে অস্থিতিশীল করে তুলেছিল- তার জন্য জাসদীয় রাজনীতি ও তথাকথিত বে-আইনি সশস্ত্র সংগঠন গণবাহিনী, বিপ্লবী সৈনিক সংস্থা কোন অংশেই কম দায়ী নয়। দেশে যে একদলীয় বাকশাল-কর্তৃত্ত্ববাদী শাসনব্যবস্থা তখন প্রতিষ্ঠিত হয়েছিল-তার জন্য অনেকাংশে তারাই দায়ী।

জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার নীল নকশায় ৭৫ সালে সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে রক্তের পিচ্ছিল পথে তারা সেদিন বে আইনিভাবে ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে ওই সালে ভারতের ঢাকাস্থ হাই কমিশনার মি: সমর সেনকে অপহরণের চেষ্টা করে দেশের সার্বভৌমত্ত্বকে পর্যন্ত হুমকির মুখে ঠেলে দিয়েছিল, এ কথা অনেকেরই অজানা নেই।

এমন একজন সন্ত্রাসী চরিত্রের মানুষ যখন গণতন্ত্রের কথা বলেন- তখন তা ভূতের মুখে রাম নাম জপের মতোই শোনায়।

রিপন বলেন, দেশে এখন শাসক দল দোষারোপের রাজনীতি করতেই বেশী পছন্দ করছে। যেকোন ঘটনা ঘটলে, পূর্বাপর বিচার-বিশ্লেষণ না করেই শাসকগোষ্ঠীর পক্ষ থেকে তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচর্চা এখন রেওয়াজে পরিণত হয়েছে বলে দেশবাসী লক্ষ্য করছেন, যা কোনভাবেই সুস্থ’ রাজনীতির লক্ষণ নয়। বরং অসুস্থ-দুষিত রাজনীতির বিষবাষ্পে মানুষের দম এখন বন্ধ হওয়ার উপক্রম।

সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ও তার নেতৃবৃন্দের নামোল্লেখ করে যেসব অবাঞ্ছিত মন্তব্য প্রকাশ করা হচ্ছে- তা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ভবিষ্যতের জন্য কোন আশাবাদের জায়গা আর থাকছে না।

আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসা এসব বক্তব্য-বিবৃতি-মন্তব্যের সবসময় নিন্দা করে আসছি এবং দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছি- বিএনপি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করে, সন্ত্রাস-সহিংসতাকে কখনই প্রশ্রয় দেয় না এবং এধরণের অপরাজনীতিতেও বিশ্বাসী নয়। তৎসত্ত্বেও শাসকগোষ্ঠী প্রতিনিয়ত একই ভাষায় একই মন্তব্য করে যাচ্ছে।

এ কথা নতুন করে বলার কিছু নেই যে, দায়িত্বশীল মহলের দায়িত্বহীন কথাবার্তা প্রকৃত সত্য উদঘাটনের পথ রুদ্ধ করে। দোষারোপের রাজনীতি দেশ-মানুষের জন্য ভালো কিছু আনতে পারে না।

রিপন বলেন, সরকারের তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বরাবরের মতোই গতকাল আবারো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অরুচিকর মন্তব্য করেছেন। তার ওই নিম্নরুচির বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

এসএইচ