দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাঅভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদে আয়োজিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি সম্পন্ন করেছে বিএনপি।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। শেষ হয় বেলা ১২টায়। এতে অংশ নেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে কর্মসূচি ঘোষণার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি। পূর্বঘোষিত অনশন কর্মসূচির অনুমতির জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে, অনুমতি না পেয়ে ফিরে যান। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচি পালনের মৌখিক অনুমতি পায় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
অনশন কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
জেড





