নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার জন্য কোনরূপ বাধা ও হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছেন উদ্বিগ্ন নাগরিক সমাজের নেতারা। তারা বলেছেন, রাজনৈতিক ক্ষমতায় বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে কিভাবে, কোথায় স্থাপন করতে হবে তারও স্পষ্ট করা প্রয়োজন।
নাগরিক সমাজের নেতারা বলেন, কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে অর্থাৎ মাঠ প্রশাসনের দীর্ঘকাল কোন সংস্কার হয়নি। তাই মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার উভয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতার জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়নে উদ্বিগ্ন নাগরিক সমাজ আয়োজিত "রাষ্ট্রীয় ক্ষমতা ও কার্যের ভারসাম্য: স্বশাসন ও সুশানের জন্য বিকেন্দ্রীকরণ" শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এটি অধিক গণতন্ত্রায়ন, স্বচ্ছতা সর্বসাধারণের ক্ষমতায়ন এবং সর্বপরি সমতায়নের একটি উপায় ও কৌশল। ফলে এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া এবং কারও কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়। তাই রাষ্ট্রীয় কার্য, প্রতিষ্ঠান ও পদ-পদবী কার্য-পরিধির বাস্তব বিশ্লেষণ এবং আমলাকরণে তার জাতীয় ঐকমত্য দরকার।
গোল টেবিল আলোচনা সভায় লিখিত বক্তব্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ উদ্বিগ্ন নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে ৭ দফা সুপারিশ তুলে ধরেন।
সুপারিশগুলো হলো- নির্বাচন দলীয় ভিত্তিতে হতে হবে; কিন্তু দলীয় বিবেচনায় পুরস্কার, শাস্তি, অর্থায়ন হতে পারে না; অর্থায়ন ও প্রকল্প সহায়তায় অস্থায়ী বরাদ্দ পরিহার করে তা ফর্মুলা ভিত্তিক করতে হবে; ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের প্রেষণের বাইরে নিজস্ব কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবেসহ আরো কতিপয় দাবি তুলে ধরেন।
সেমিনারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সভাপতি হাফিজ উদ্দীন আহমেদ, ড. এম এম শওকত আলীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এমএ/ এআর





