আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। সেই লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণউদ্যমে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বিজয়ের ৪৩ বছর উৎযাপন উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা লীগ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আর তাতেই আপনারা বলতে শুরু করেছেন

এই নির্বাচন আন্দোলন নষ্ট করার জন্য দেয়া হচ্ছে। আমাদের নির্বাচন দিলেও দোষ না দিলেও দোষ।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীতে স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচন এই সরকারের অধীনেই হবে, এবং সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াও সেই নির্বাচনের অংশগ্রহণ করবে বলে আমার ধারণা। গত নির্বাচনে না গিয়ে তিনি যে ভুল করেছন, তা বারবার করবেন না তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ শুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা ও নৈরাজ্যের করেছেন তা পরিহার করুন।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. রফিক উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য সুজিত রায় নন্দি, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান প্রমুখ।

এমআর/এসএইচ