বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার দুপুর থেকে কার্যালয়ের ভেতর থেকেও গ্রামীণফোনে কথা বলা যাচ্ছে। তবে বিচ্ছিন্ন থাকা অন্য কোনো মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্ক এখনও চালু হয়নি বলে কার্যালয় সূত্র জানিয়েছে।
ওই কার্যালয়ে থাকা বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের গ্রামীণফোন সংযোগে কল দিলে সংযোগ পাওয়া যায়।

তিনি বলেন, 'গ্রামীণফোনেই শুধু কিছুটা নেটওয়ার্ক ফিরে এসেছে। তবে পুরোপুরি নয়। আমরা কল ধরতে পারছি, কিন্তু কল করতে গেলে মাঝে মাঝে যাচ্ছে না।'

তবে টেলিফোন, কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ আগের মতই বিচ্ছিন্ন রয়েছে বলে জানান মারুফ কামাল খান।

গত ৩০ জানুয়ারি দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। পরদিন সকালে টেলিফোনসহ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সংযোগ এবং ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ৩১ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটে শুধু বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে টেলিটকের নেটওয়ার্ক চালু ছিল।

ইআর