বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভুয়া আন্দোলন আগামী এক সপ্তাহের মধ্যে আপনা-আপনি বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাশকতা বন্ধে অস্ত্র ব্যাবহার করা হবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান জেনারেল আজিজের এমন বক্তেব্য জনগণের পূর্ণ সমর্থ রয়েছে দাবি করে সুরঞ্জিত বলেন, এ বক্তব্যে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু সম্প্রতি ২৮ জন মানুষকে হত্যা করা হলো এর জন্য তো তারা উদ্বেগ প্রকাশ করেননি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার এই ভুয়া আন্দোলন বেশি দিন টিকবে না। খালেদাকে তুলে নিয়ে বাসায় পৌঁছে দেয়ার দরকার হবে না। তিনি নিজেই বাসায় চলে যাবেন। নাশকতাকারী ও সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগের কোন দিন সংলাপ হবে না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির যেসব নেতারা আমেরিকার কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করেছেন, খালেদা জিয়া তাদেরকে বহিস্কার করে দিয়েছেন। ভালো কথা। এই মিথ্যা বলার জন্য যদি নেতারা বহিস্কার হতে পারেন। তাহলে বিজেপি প্রধান অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ নিয়ে মিথ্যাচার করার কারণে আপনাকে (খালেদা জিয়া) বহিস্কার করবে কে? এক অপরাধের জন্য ভিন্ন সাজা কেন?
ঢাকা- ৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচান সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
এমআর/ এআর





