দেশে ডেঙ্গু ও বন্যা ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কাউকে দোষারোপ না করে সবাই মিলে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় যুব সংহতি আয়োজিত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে দোয়া মাহফিল ও শোক সভায় এ কথা বলেন তাঁর ছোট ভাই জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘আজ দেশে দুর্যোগ, বন্যা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। এখন কাউকে দোষারোপ করতে চাই না। আমরা এখন সমস্যায় আছি। আমরা সকলে মিলে সমস্যার সমাধান করব। তবে ভবিষ্যতে খতিয়ে দেখতে হবে, এ সমস্যা তৈরি, সমাধানের জন্য আমাদের করণীয় ছিল কি না, কারো কোনো গাফিলতি ছিল কিনা, সেটা আমরা পরবর্তীতে দেখব এবং কারো কোনো দোষত্রুটি থাকে তাহলে তাদের জবাবদিহি করা হবে।’
ডেঙ্গু মোকাবিলায় যদি কেউ দায়িত্বে অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
এমআর





