আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৪ জানুয়ারি) শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পৌঁছাতে বিলম্ব হওয়ায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়।
পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পর দুপুর ১টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নামাজের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান।
এর আগে সকাল ৭টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা হন। তারা সড়ক পথে ৬টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার উদ্দেশে।
এমবি





