নিউইয়র্কে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, উনি বলেছেন, বিএনপিকে নাকি ভুলের কাফফারা দিতে হবে। কিন্তু কাফফারা দিতে হবে আপনাদেরকেই। কারন আপনারা দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।

শনিবার বিকালে জামালপুর জেলা উচ্চবিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সংসদ অবৈধ এমন দাবী করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত নয় তাই এদেরেকে আমরা বৈধ সরকার বলতে পারি না। এরা যতই আইন করুক তা হবে অবৈধ। এই আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে একের পর এক গণবিরোধী আইন করে যাচ্ছে।

খালেদা জিয়া বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। চোর-চোট্টা নিয়ে বিদেশ গিয়ে লাভ হবে না। ৮৬ সালে এরশাদের সঙ্গে নির্বাচন করে জাতীয় বেইমান হয়েছেন। আলোচনায় বসতে হলে বিএনপির সঙ্গে বসতে হবে।

এই অবৈধ সরকার বিএনপিকে ভয় পায় তাই তারা আলোচনায় বসতে চান না। তিনি বলেন, যদু-মধু, চোর চোট্টাদের দিয়ে কিছু হবে না। হাসিনাকে বিদায় নিতেই হবে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল তালুকদার সভাপতিত্বে সভায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সারা দেশে গুম-খুন, হামলা-মামলা, বিচারকদের অভিশংসন আইন ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা, এমএইচ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম