বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বেলা দেড়টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

বিএনপি চেয়ারপারসন ফিতা কেটে প্রদর্শনীস্থলে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিটের মতো তিনি সেখানে অবস্থান করেন এবং আলোকচিত্রগুলো ঘুরে দেখেন।

প্রদর্শনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের প্রায় শতাধিক ছবি স্থান পেয়েছে। প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত চিত্র প্রদর্শনীটি সারাদিনব্যাপী সাধারন দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এসময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক ছাত্র নেতাদের মধ্যে আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বর্তমান সভাপতি রাজিব আহসন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুর রশিদ, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, মিজানুর রহমান সোহাগসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/ এআর