দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টানা ছয় দিন ধরে অবস্থান কর্মসূচী পালন করছে। এ কর্মসূচী সফল করে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য জনসাধারণকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তিনি। সেই সঙ্গে দুই প্রধান দলকে সমঝোতায় আসারও আহবান জানিয়েছেন। তার এই আন্দোলনে সহযোগিতা করার জন্য দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম আহমেদকে লেপ, কম্বল, খাবার দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছিলেন তিনি। কিন্তু তার এ আহবানে সাড়া দেয়নি দেশের ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনটি।

কাদের সিদ্দিকী এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম আহমেদকে উদ্দেশ করে বলেন, ‘যদি দেশ স্বাধীন না করতাম তাহলে তুমি চানাচুর বিক্রি করারও জায়গা পেতে না। দেশ স্বাধীন করার ফলে শান্তিতে ব্যবসা বাণিজ্য করে হাজার কোটি টাকার পাহাড় বানিয়েছ।’

তিনি দুঃখ করে বলেন, ‘আমার অবস্থানের দশ গজ পশ্চিমে শেখ মনি ভাইয়ের ছেলে শেখ ফজলে নূর তাপসের বাংলার বাণী অফিস। সেই অফিসের ভাঙা চেয়ার-টেবিলের হেফাজতে দিন রাত ছয় জন পুলিশ পাহারা দিচ্ছে। অথচ আমি যে একজন জীবন্ত মানুষ রাস্তায় পড়ে আছি, আমাদের সামান্য নিরাপত্তার কথা রাষ্ট্রের চিন্তা করা উচিৎ। তার কোনো আলমত দেখিনি। নিরাপত্তার বদলে পুলিশ এসে চলে যেতে বলছে। এছাড়া অবস্থান কর্মসূচিকে বানচাল করার জন্য বিভিন্ন হুমকিও আসছে। ইতোমধ্যে গতরাতে (রোববার রাতে) পুলিশ এসে চেয়ার টেবিল ও গণসঙ্গীত মঞ্চ নিয়ে গেছে। এর আগের রাতে (শনিবার রাতে) পুলিশ এসে মাইক, কাপড়ের পর্দা, বাঁশ ও কাঠ নিয়ে যায়।’

কাদের সিদ্দিকী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে অযৌক্তিক লাগাতার অবরোধ প্রত্যাহার এবং শেখ হাসিনাকে অবিলম্বে সব দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। প্রধানমন্ত্রী দেশের মালিক নন, দেশের মানুষের মঙ্গলের জন্য প্রয়োজনে তাকে চাঁড়ালের সঙ্গেও আলোচনায় বসতে হবে।’

বেগম জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আপনি যেমন শোকাহত, তেমনি অবরোধ চলাকালে যারা নিহত হয়েছে তাদের মায়েরাও মর্মাহত। তাই অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নতুন কর্মসূচি গ্রহণ করুন।’

দুই নেত্রীকে অবিলম্বে একসঙ্গে বসার আহবান জানিয়ে তিনি দাবি না মানা পর্যন্ত তার অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টানা ছয়দিন নিজ কার্যালয়েরে সামনে এ অবস্থান কর্মসূচী পালন করছেন কাদের সিদ্দকী।

এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগযোগ করা যায়নি।

জেআই