দেশের ন্যায়বিচার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আদালত থেকে ন্যায়বিচার পেলে সরকারের কাছ থেকে মুক্তি দাবি করার প্রয়োজন পড়তো না। কিন্তু বর্তমানে জজ কোর্ট, সুপ্রীম কোর্টসহ সবধরনের কোর্ট মুজিব কোর্টে পরিণত হয়েছে। বিচার আজ মুজিব কোর্টের বোতামে বন্দি হয়ে গেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাত উল্লাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামন দুদু, ও অ্যাডভোকেট আহমদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ব্লাকমেইলের শিকার হয়েছেন দাবী করে তিনি বলেন, এজন্য শেখ হাসিনা ভারত সরকারের ইচ্ছাকে হ্যাঁ এবং জনগণের ইচ্ছাকে না বলছেন।
তিনি বলেন, গণতন্ত্রের দরজা বন্ধ হলেও বিকল্প পথে এদেশে গণতন্ত্র পূনরুদ্ধারের নজির আছে। কাজেই বর্তমান অবস্থার পরিবর্তন হবেই। পিন্ডির (রাওয়ালপিন্ডি) শিকল ভাঙা যেহেতু সম্ভব হয়েছে, সেহেতু দিল্লীর শিকল ভাঙাও অসম্ভব কিছু হবে না বলে মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, এমএইচ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]