সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সরকারের উদ্দেশ্যে বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রাখা দরকার হলে ঢালাওভাবে গ্রেফতারের নির্দেশ দিন ।
সুপ্রীমকোর্টে নিজ কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা এমন মন্তব্য করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার যদি মনে করে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে থাকা দরকার, তাহলে যেন ঢালাওভাবে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়।
তাদের ঢালাওভাবে গ্রেফতার করুন। বিএনপি নেতাদের শেষ মামলায় জামিন হলে ফের পুরাতন মামলায় গ্রেফতার দেখানো হয়।
এভাবে আইনের বিচারের নামে হয়রানি করার কোনো মানে নেই। এটা ন্যায় বিচারের পরিপন্থী। আইনজীবীদের পক্ষ থেকে আমি এ ব্যবস্থার ধিক্কার জানাচ্ছি।’
তিনি বলেন, ‘দেশে আইনের শাসন কতটা আছে তা আজ ভাববার সময় এসেছে। ৬ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে।
বিশেষ করে বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় জামিন পেলেই আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান এমনই এক দৃষ্টান্ত।
৭ নভেম্বর তার বিরুদ্ধে দায়ের করা মোট ১৭টি মামলার সর্বশেষ দুটিতে আদালত তাকে জামিন দেন। পরে ৬ জানুয়ারির এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।’
তিনি আরও বলেন, ‘সরকার ঢালাওভাবে গ্রেফতারের নির্দেশ দিলে বিএনপি নেতারা যারা জেলে আছেন, তাদের জেল থেকে বের হওয়ার জন্য আর কোনো চিন্তা থাকবে না। কারণ তারা তখন বুঝতে পারবেন যে তাদের জেলেই থাকতে হবে।’
এসএইচ





