আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি মহল দেশের এই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “একজনের ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট দিয়ে অশান্তি-হানাহানি সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। এদের চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা এবং শান্তি বিনষ্টের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রঙ ছড়ালেও কঠোর ব্যবস্থা নেবে সরকার।”
হুঁশিয়ারি উচ্চারণ করে তথ্যমন্ত্রী বলেন, “ভোলার ঘটনা নিয়ে শান্তি বিনষ্টের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙ ছড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে।” তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু সাম্প্রদায়িক নয়, শান্তিপ্রিয় ও পরমতসহিঞ্চু।
ড. হাছান মাহমুদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে আওয়ামী লীগে যে শুদ্ধি অভিযান চলছে, বিদেশেও এধরনের অভিযানের মাধ্যমে দলকে অনুপ্রবেশকারীমুক্ত করা প্রয়োজন। আমি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগকে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানাই।”
অল ইউরোপিয়ান আওয়ামী লীগ প্রেসিডেন্ট এম নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অল ইউরোপিয়ান আওয়ামী লীগ প্রেসিডেন্ট এম নজরুল ইসলাম তার বক্তৃতায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদকে বৈঠকে যোগ দেবার জন্য ধন্যবাদ জানান ও অল ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’, শেখ রেহানা রচিত ‘জনসমুদ্রে এক মহামানব’ গ্রন্থ দু’টি ইউরোপিয় ভাষাগুলোতে অনুবাদ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের ওপর তথ্যচিত্র বিভিন্ন শহরে প্রচার এ কর্মসূচির আওতাভুক্ত বলে নজরুল ইসলাম জানান।
এমবি





