নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই সরকার জনগণের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
বুধবার (২০ জুলাই) জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে মহানগরী আমীর বলেন, "সরকার নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতা আড়াল করতেই জনগণের উপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই সরাদেশেই হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গণগ্রেফতার, গুম, অপহরণ, কথিত ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অশঙ্কাজনকভাবে বেড়েছে। একই সাথে বেড়েছে গুপ্তহত্যার পরিসরও। কিন্তু সরকার উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য কথিত জঙ্গি ধরার অজুহাতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে গ্রেফতার করে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে।"
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃত নিরপরাধ শিক্ষার্থীদের পুলিশি রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঠানো ঐ বিবৃতিতে তিনি রিমান্ড বাতিল করে গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন।
তিনি বলেন, "সরকারের সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গত ১৯ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় কথিত অভিযানের নামে নিরীহ ও নিরাপরাধ ছাত্র এবং সাধারণ মানুষকে গ্রেফতার করে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে মামলা দিয়ে শুধুমাত্র নির্যাতন করার জন্যই সম্পূর্ণ বেআইনী ও অন্যায়ভাবে ১৯জনকে ৫ দিনের পুলিশী রিমান্ডের নেয়া হয়েছে। যা শুধু বেআইনী ও অগণতান্ত্রিকই নয় বরং মানবাধিকার, আইন ও সাংবিধানিক শাসনের মারাত্মক লঙ্ঘন।"
তিনি বলেন, "যেকোন ঘটনার সাথে বিরোধী দলের সম্পর্ক আবিষ্কার করা সরকারের রীতিমত মুদ্রাদোষে পরিণত হয়েছে। নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই সরকারের পরোক্ষ সহায়তায় দেশে একের পর এক নানা অঘটন সংগঠিত হচ্ছে বলে জনগণ মনে করে। "
জামায়াত নেতা বলেন, "সরকার জনগণের জান মালের নিরাপত্তা দেয়ার পরিবর্তে অন্যায় ভাবে জলুম নির্যাতনের কারণে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। জনগণ এমন দূর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। তাই সরকারের এহেন ন্যাক্কারজনক অচরণ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। "
এমআইএস





