আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডে মূল অপরাধী শনাক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, পুলিশ মনোবল হারিয়ে ফেলেছে। সেজন্য তারা বার বার হামলার শিকার হচ্ছে।
পুলিশ তার নিজ দায়িত্ব থেকে সরে এসে অন্য কাজে মনোনিবেশ করার কারণে এমনটি ঘটছে বলেও মনে করেন তিনি।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।
আ স ম হান্নান শাহ বলেন, ‘তারা (পুলিশ) এক্ষেত্রে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা অন্যায়, চাঁদাবাজি আর বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর হামলায় ব্যস্ত হয়ে পড়েছে। সেজন্য তারা দক্ষতা হারাচ্ছে।’
বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করে পুলিশ গ্রেফতার বাণিজ্য করছে বলে অভিযোগ করেন আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, ‘দেশের মানুষ এখনো পুরোপুরি দিশেহারা হয়নি। তবে সরকারের সার্বিক কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেফতারের নামে বাণিজ্য করছে। বিষয়টি এখন আর গোপন নয়।’
সরকারের মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে হান্নান শাহ বলেন, ‘সরকার সব জায়গায় একদলীয় শাসন কায়েম করতে চায়। সেই কারণেই দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে মন্ত্রী, এমপিরা তাদের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিতে পারবে বলে বিধান করা হয়েছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এসব করে লাভ হবে না। আসুন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আলোচনা করে চলমান সমস্যার সমাধান করি।’
আয়োজক সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্ব বক্তব্য দেন-ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ সংগঠনের নেতারা।
এমআর





