প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান মানি লন্ডারিং করে এখন ভয়ে লন্ডনে লুকিয়ে আছে।
আজ (শনিবার) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ছেলেদের তিনি লুটপাট আর দুর্নীতি শিখিয়েছেন। তিনিও লেখা-পড়া করেন নি আর ছেলেদেরও লেখা-পড়া শেখান নি।
বিএনপি-জামায়াত দেশ ধ্বংসের রাজনীতি করে এমন অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, গরীব মানুষের পেটে লাথি মারাই খালেদার রাজনীতি। তিনি অন্তস্বত্বা নারীসহ বহু মানুষকে পুড়িয়ে মেরেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নতি হয়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়।
মানুষ হত্যাকারীদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। আ.লীগ দেশের মানুষের উন্নয়ন করছে। আ.লীগ ক্ষমতায় এলে মঙ্গা থাকে না।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আগুন দিয়ে ৯০ জনের ওপরে মানুষ পুড়িয়ে মেরেছে। এই মানুষ হত্যাকারীদের আপনারা আর ভোট দেবেন না।
শেখ হাসিনা বলেন, তার চাওয়া-পাওয়ার কিছু নেই । এই দেশের জন্য তার বাবা-মা-ভাই জীবন দিয়েছেন। তিনি এই দেশের সেবা করতে চান।
তিনি বলেন, সীমান্ত জয় আওয়ামী লীগের রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য। আওয়ামী লীগের কারণেই ভারত তাদের পার্লামেন্টে সীমান্ত বিল পাশ করেছে। আওয়ামী লীগই গঙ্গা পানি চুক্তি ও মেঘনার পানি আদায় করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে মোবাইল ফোন এনে দিয়েছে যার ফলে এখন সকলের হাতে মোবাইল ফোন পৌছে গিয়েছে। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সম্বার আওয়ামী লীগের অবদান।
জনসভা মঞ্চে উপস্থিত রয়েছেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপিত মঈদ উদ্দিন মন্ডল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক আবু সাঈদ আল স্বপন ও চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনে এমপি যথাক্রমে গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, আবদুল ওদুদ প্রমুখ।
এর আগে বিকেল ৪টার কিছু আগে প্রধানমন্ত্রী জনসভামঞ্চে পৌঁছান। এসময় দলীয় সভানেত্রীকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান।
দুপুর ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। পরে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন তিনি।
এরপর দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতুর (শেখ হাসিনা সেতু) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কেবি





