আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিয়ে ৫ জানুয়ারি মতো একই ভুল করবে না বিএনপি।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতি আয়োজিত ‘বাইয়োক্যামিস্ট্রি, ইন্ড্রাস্ট্রি অ্যান্ড সাসটেইন্যাবল ইকোনোমি’ শীর্ষক এক কনফারেন্সে এ কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, আমরা চেয়েছিলাম ৫ জানুয়ারিতে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে কিন্তু বিএনপি তাতে অংশ না নিয়ে ভুল করছেন। আশা করি ৫ জানুয়ারির মতো আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ওই একই ভুল করবে না বিএনপি।
তিনি বলেন, চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়ে হত্যাকরে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
তিনি আরও বলেন, বিএনপি ঘরে বসে হরতাল ডাকে, রাস্তায় নামে না। তাদের হরতাল তারা নিজেরই মানে না। আর সাধারণ মানুষ তো মানছেই না।
বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরীরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দীন আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।
এমআর/ এআর





