একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালান।
আজ (০৬ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। শেষ হয় ৪ টার কিছুপর।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। মানববন্ধনে জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির ড. আবদুল মঈন খান, গণফোরামের এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির বেগম সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট শিরিন সুলতানা প্রমুখ নেতারা অংশ নেন।
এসময় বক্তারা একাদশ সংসদ নির্বাচনের আগের রাতেই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সহায়তায় ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করে অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেন।
দেশের মানুষ নির্বাচন মেনে নেয়নি দাবি করে নেতারা বলেন, প্রহসনের এই নির্বাচন জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে।
গত ৩১ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা শেষে জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি ঐক্যফ্রন্ট প্রার্থী ও ভুক্তভোগী ভোটারদের অংশগ্রহণে ২৪ ফেব্রুয়ারি একই স্থানে গণশুনানির আয়োজন করবে জোট।
বিএনপি ও গণফোরামসহ পাঁচ দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক ‘ভোট ডাকাতি’হয়েছে দাবি করে -এর ফল প্রত্যাখ্যান করে।
এদিকে, পুনর্নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ধীরে ধীরে সোচ্চার হওয়ার চেষ্টা করছে জাতীয় ঐক্যফ্রন্ট। ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করলেও এর প্রতিবাদে ফ্রন্টের নেতারা এত দিন মাঠের কোনো কর্মসূচিতে নামেননি। আজ প্রথমবারের মতো ‘কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন’কর্মসূচি পালন করতে যাচ্ছে তারা।
ফ্রন্টের নেতারা বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ফের জনগণের ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাই তাদের লক্ষ্য। সরকার যত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেবে তত দ্রুতই রাজনীতির আকাশের কালো মেঘ কেটে যাবে।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর দেশে কী হয়েছে সেটি আমরা কেন দেশের সবাই দেখেছে। একে কি নির্বাচন বলবেন? জাতীয় ঐক্যফ্রন্টের মূল দাবি হচ্ছে ৩০ ডিসেম্বর দেশে যেহেতু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি তাই দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করা। সব রাজনৈতিক দলগুলোকে এই দাবি আদায়ে সোচ্চার হতে হবে।
এমবি





