বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন।
আজ (০৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংসদে আসেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি।
গত ৩০ জানুয়ারি থেকে একাদশ সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা থাকায় ওই দিন এবং গতকাল পর্যন্ত অধিবেশনে উপস্থিত হতে পারেননি রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি।
স্যুট-কোট পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সাংসদ নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে আসেন মাশরাফি। এসেই ট্রেজারে বেঞ্চের অর্থাৎ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের ৭ নম্বর সারিতে নিজের আসনে বসেন মাশরাফি। তবে মাগরিবের নামাজের বিরতির সময়ই তিনি সংসদ থেকে বেরিয়ে যান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাগো নিউজকে বলেন, “মাশরাফি সংসদে ঢুকেই অন্য এমপিদের সঙ্গে কুশল বিনিময়ের পর দোয়া চান। তিনি বলেন- আমি নতুন এমপি। আমার এলাকায় কীভাবে কাজ করব সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।”
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন মাশরাফি। নৌকা প্রতীকে তিনি পান ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, তিনি পান ৭ হাজার ৮৮৩ ভোট। এরপর ৩ জানুয়ারি আইন প্রণেতা হিসেবে শপথ নেন মাশরাফি।
এমবি





