তৃতীয় দফায় উপজেলা নির্বাচনে দামুড়হুদায় চেয়ারম্যান পদে বিএনপি থেকে দুই প্রার্থী নিজেদের দলীয় একক প্রার্থী হিসেবে দাবি করেছেন। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।  
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিয়াকত আলী শাহ নিজেকে বিএনপির একক প্রার্থী হিসেবে দাবি করেছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা।
এর আগে বিএনপির একক প্রার্থী হিসেবে দাবি করে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন ফজলুর রহমান।
একক প্রার্থী হিসেবে দুই প্রার্থীই মোক্ষম যুক্তি তুলে ধরেছেন। কারো যুক্তিই খণ্ডন করতে পারছে না নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপি সমর্থক ভোটাররা।
লিয়াকত আলী শাহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করেন, জেলা বিএনপির সভাপতি হাজী মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু তাকে দলীয় একক মনোনয়ন দিয়েছেন। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কারো কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবে।’  
অপরদিকে, দলীয় একক প্রার্থী হিসেবে দাবিদার চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান দাবি করেছেন, তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস সমর্থিত প্রার্থী। অহিদুল ইসলামই তাকে দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বলে দাবি করেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]