‘এই সরকার ছাত্র-শিক্ষকবান্ধব নয়’ এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর সরকার সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করেছে। শিক্ষার উপর ভ্যাট আরোপ যৌক্তিক নয়।’
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়া ইউথ ফর পিস এ্যান্ড প্রোসপারিটি সোসাইটি আয়োজিত ‘রহিঙ্গা সমস্যা ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘পে-স্কেল নিয়ে আজ শিক্ষকরা অবহেলিত, ভ্যাট নিয়েও ছাত্রদের মধ্যে অসন্তোষ। যে কারণে দেশ সঙ্কটের দিকে এগুচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারের পররাষ্ট্র নীতির দুর্বলতার কারণেই বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা সঙ্কট কাটছে না। গণতন্ত্রহীন রাষ্ট্রে পররাষ্ট্রনীতি কখনও শক্তিশালী হতে পারে না। পররাষ্ট্রনীতির এই দুর্বলতার কারণেই রোহিঙ্গা সঙ্কট কাটছে না।’
তিনি বলেন, ‘অতীতে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা ছিল। কিন্তু প্রতারণার নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার ক্ষমতায় আসায় কূটনৈতিক দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। তাই রোহিঙ্গা সঙ্কটের সমাধান হচ্ছে না।’
বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের একটি অশনিসংকেত রয়েছে, এখান থেকে জঙ্গি উত্থাপনের সমূহ সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আয়োজক সংগঠনের চেয়ারম্যান এন ইসলাম, আহ্বায়ক এম মাহমুদ প্রমুখ। এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এমএইচ





