ঈদের পর পুলিশ ও গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়ে আন্দোলনে বাধা দেওয়া হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার জাতীয় সংসদের এলডি হলে মহানগর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিয়ে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, বিএনপি জ্বালাও পোড়াও-এর রাজনীতিতে বিশ্বাস করে না। জ্বালাও-পোড়াও করা আওয়ামী লীগের কাজ। ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই আন্দোলনে পুলিশ ও গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পাল্টা জবাব দেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসন আরও বলেন, মহানগর কমিটির কারণে গত আন্দোলনে আমাদের কিছু ত্রুটি লক্ষ করা গেছে। সে ত্রুটি কাটাতে শিগগির সম্মেলন করে ঢাকা মহানগরের নতুন কমিটি দেওয়া হবে। নতুন কমিটির যোগ্য নেতৃত্বের মাধ্যমে সরকারবিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আর এ গণি, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীসহ ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ সাহেদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী প্রমুখ।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই