বিএনপি নেতাকর্মীদের কারা গুম-খুন করেছে, সময় হলে সব তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাতে ঢাকা মহানগরীর ২১ নেতাকর্মীর গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতি পরিবারের হাতে এক লাখ নগদ অর্থ তুলে দেন ।
তিনি গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "আপনারা মনকে শক্ত করুন। আল্লাহকে ডাকুন। একদিন না একদিন এর বিচার হবেই।"
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার সময়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নার তোড়ে একজন মূর্ছা গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ।
তখন স্বজনহারা পরিবারের সদস্যদের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেন খালেদা জিয়া। তিনি বলেন, "সারাদেশে এরকম অনেককে গুম করা হয়েছে। যারা চলে গেছেন, তারা দলের জন্য ছিলো সম্পদ। তাদের একটি অপরাধ ছিলো, তারা বিএনপি করে।"
এ সময় অন্যান্যের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এমএ কাইয়ুম, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জমান আনোয়ার, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী অ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের আমলে মহানগরীর গুম হওয়া ২১ জন নেতার মধ্যে ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাজেদুল ইসলাম সুমন, তানভীর, পল্লবী থানার তরিকুল ইসলাম তারা, সবুজবাগ থানা ছাত্রদলের মাহবুব হাসান সুজন, সূত্রাপুর থানা ছাত্রদলের সেলিম রেজা পিন্টু, সম্রাট মোল্লা, ৭১ নং ওয়ার্ড ছাত্রদলের পারভেজ হোসেন, মো. জহির, বংশাল থানা ছাত্রদলের মো. সোহেল, মো. চঞ্চল, তেজগাঁও কলেজ ছাত্রদলের তরিকুল ইসলাম ঝন্টু, ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের কাজী ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, মাসুদ রানা, বিমানবন্দর থানা ছাত্রদলের নিজাম উদ্দিন মুন্না, ৭৯ নং ওয়ার্ড ছাত্রদলের খালেদ হাসান সোহেল, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের এ এম আদনান চৌধুরী, কাউসার, দারুস সালাম ছাত্রদলের মফিজুল ইসলাম রাশেদ প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসএমএ





