সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকার জন্য জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার দেশে নির্মম হত্যাকাণ্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দলটি বলেছে, দেশের সার্বিক পরিস্থিতিতে আজ দেশের মানুষ চরম অরাজকতার ঘন অন্ধকারের মধ্যে দিনযাপন করছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন ‘রূপবান’-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার ঘনিষ্ট সহচর (প্রটোকল অফিসার) ছিলেন। আর তনয় ছিলেন নাট্যকর্মী।

এদিকে, সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকের ২’শ গজ উত্তরে এক ফার্মেসির দোকানের সামনে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে কারাগারের সাবেক সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. রুস্তম আলী হায়দার নিহত হন।

এছাড়া গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এসএম