আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মাহমুদুর রহমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য হেফাজতে ইসলামকে ৮০ কোটি টাকা বণ্টন করেছেন তার অফিসে বসে, যার প্রমাণ রয়েছে।

আজ শনিবার রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ঢাকা মিডিয়া ক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সাদেক খানকে সংবর্ধনা দেয়া হয়।

হানিফ বলেন, বাংলাদেশকে অশান্ত করতে একটি মহল তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্র করছে। সাংবাদিকতার নামে কেউ কোনো অশুভ চক্রান্তের সঙ্গে জড়িত হলে কেন তাদের বিরুদ্ধে মামলা হবে না।

তিনি বলেন, দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাবো, যারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা এবং অপহরণের ষড়যন্ত্র করছে, সেই ষড়ডন্ত্রকারীদের পক্ষ না নিয়ে তাদের বিচারের দাবিতে স্বোচ্চার হন।

ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এআই