দেশের সমগ্র জনগণ আজ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।  

আজ (০৬ অক্টোবর) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেএসডি’র সম্ভাব্য প্রার্থীদের দ্বিতীয় ধাপের ওয়ার্কসপে আবদুর রব এই কথা বলেন।

আ স ম আবদুর রব বলেছেন, দেশের সমগ্র জনগণ আজ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ। তারা সবাই এ সরকারের পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার মধ্য দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।  

আবদুর রব আরও বলেন, নির্বাচনের ১ মাস আগ থেকে নির্বাচন শেষ হওয়ার ১০দিন পর পর্যন্ত ম্যাজিষ্ট্রেসী ক্ষমতাসহ কেন্দ্র ভিত্তিক সেনাবাহিনী মোতায়েন চায় জনগণ। এ সকল দাবী মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে গণ আক্রোশের কারণে সরকারকে বিপদে পড়তে হবে।

তিনি বলেন, সরকার বলছে তার প্রতি নাকি জনগণের সমর্থন রয়েছে। তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে ভয় কেন?

প্রথম ধাপের ওয়ার্কসপে ১০০ জন অংশ গ্রহনের পর আজ দ্বিতীয় ধাপের ওয়ার্কসপে ৮০ জন অংশ গ্রহন করেন। সভায় এখন থেকে সবাইকে নির্বাচনী একাউন্ট খুলে প্রয়োজনীয় টাকা জমা রেখে প্রস্তুত হওয়ার আহবান জানানো হয়।

সম্ভাব্য প্রার্থীদের ৩য় ধাপের ওয়ার্কশপের তারিখ অবিলম্বে ঘোষণা করা হবে। এ ওয়ার্কশপে দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। 

এমবি