জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সদ্য বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও কেন্দ্রীয় নেতা ডা. মুশতাক হোসেন রহস্যজনক আচরণ করছেন বলে অভিযোগ করেছেন দলটির (একাংশের) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ডা. মুশতাক দলের সম্মেলনে রাজনৈতিক অধিবেশনে সরকার ও জোট থেকে বেরিয়ে আসার একটি লিখিত প্রস্তাব উপস্থাপন করেন। মঈনুদ্দিন খান বাদল ও শরীফ নুরুল আম্বিয়া ওই প্রস্তাবকে সমর্থন করেছেন। কাউন্সিলররা আলোচনা করে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।
কারণ হিসেবে তিনি বলেন, আমরা মনে করি, কাউন্সিল মনে করে আমরা জঙ্গিবাদবিরোধী চূড়ান্ত লড়াইয়ে রয়েছি। জঙ্গিবাদীরা, খালেদা জিয়া ও বিএনপি সাময়িক বিশ্রাম নিলেও তারা আত্মসমর্পণ করেনি। তাই এই মুহূর্তে সরকার ও জোট থেকে বেরিয়ে এলে জঙ্গিবাদবিরোধী লড়াই দুর্বল হয়ে পড়বে।
ইনু বলেন, কাউন্সিল অধিবেশনে ভোটের আগেই তারা রহস্যজনকভাবে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর রাস্তাঘাটে কিংবা প্রেস ক্লাবে গিয়ে কমিটি ঘোষণা করেছে। যেটা আমাদের গঠনতন্ত্রবিরোধী। আমাদের কাউন্সিল অনুযায়ী আমরা নতুন কমিটি গঠন করেছি। সেখানে তাদেরকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে। আমি আশা করব তারা (অপর অংশ) সাময়িক উত্তেজনা প্রশমিত হলে স্বসম্মানে স্বদায়িত্বে ফিরে আসবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের রাজনৈতিক দাবিটি আংশিক। তবে পরিস্থিতির চাপে পড়ে তাদের থলের বিড়াল বেড়িয়ে আসছে। সরকারে থাকব না জোটে থাকব বিষয়টি অস্পষ্ট।
সংবাদ সম্মেলনে দলটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সাধারণ সম্পাদক শিরিন আখতার, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার উপস্থিত ছিলেন।
এআইজে





