আমাদের দেশের রাজনীতি এখন রুগ্ন হয়ে গেছে। কালো টাকা এবং সন্ত্রাসের নিয়ন্ত্রণ রাজনীতির উপরে প্রধান হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন হচ্ছে, সিস্টেম পরিবর্তন হচ্ছে, ব্যক্তির পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা রাজনীতির সংকটের আবর্ত থেকে বের হতে পারছি না। দেশের মানুষ এখন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে গিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান।

গত বুধবার বাংলাভিশনে ‘নিউজ অ্যান্ড ভিউজ’ শীর্ষক টক-শোতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সুস্থ ধারার রাজনীতি গড়ে তুলতে পারছি না, বিকল্প শক্তি দাঁড় করাতে পারছি না। একটি সুস্থ ধারার রাজনীতি গড়ে তোলা দরকার। দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত। একবার এখানে তো পরের বার অন্যখানে গিয়ে পড়ছে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। হওয়াও সম্ভব নয়। অনেকে চেষ্টা করছেন কিন্তু এ অবস্থার পরিবর্তন হবে না। পরিবর্তন তখনই সম্ভব হবে যখন জনগণের আস্থাভাজন একটি বিকল্প সুস্থ ধারার রাজনীতি দেশে দাঁড়াবে। গণতন্ত্রের পথে, প্রগতির পথে এবং মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি এগোতে পারি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অতীতে যে আন্দোলন করেছে তাতে অনেক সন্ত্রাস হয়েছে, নাশকতা হয়েছে।তারা রেললাইন উপড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে। আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে তখনো এসব ঘটনা ঘটেছে। এজন্যই কি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে? এটাতো একটি খুবই অন্যায় বিষয়। এ ধরনের ঘটনা ঘটছে আমরা দেখছি।

ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ-বিএনপি উভয়ের উপরেই মামলা হয়েছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হয়েছে। বিএনপির বিরুদ্ধে মামলাগুলো থেকে গেছে। এরশাদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার ঝুলে থাকছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ