বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন  তাজুলসহ গণতান্ত্রিক আন্দোলনের অনেক সংগঠক খুনের হুকুমদাতা হিসেবে স্বৈরাচার এরশাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তাজুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে সিপিবি অফিসের নিচে তাজুলের অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এ কথা বলেন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, তাজুল মৃত্যুর ঝুঁকি জেনেও হরতাল সফল করার জন্য আদমজীতে মিছিল সংগঠিত করেছিলেন। তাজুলের মৃত্যু বীরের মৃত্যু। তাজুলের আত্মদানের পথ ধরেই শ্রমিক শ্রেণীর পার্টি কমিউনিস্ট পার্টি ও বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করতে হবে।
সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, স্বৈরাচারকে সঙ্গে নিয়ে যেমন গণতন্ত্র হয় না, তেমনি গণতন্ত্র বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তাজুলের সহধর্মিণী নাসিমা ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, যুবনেতা কাফি রতন।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]