এদেশের জাগ্রত জনগণ যখন জাগে তখন তারা ব্যালটের মাধ্যমে জবাব দেয়। তারা এসব কিছুর প্রতিশোধ নিয়ে চলমান সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে অগ্মি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিবে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী ও সংসদ সদস্য তারানা হালিম।
শনিবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
সচেতন নাগরিক, চিকিৎসক, বুদ্ধিজীবি ও শিল্পীরা- পৃথক পৃথক ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।
তারানা হালিম বলেন, খালেদা শতশত মানুষকে অগ্মিদগ্ধ করেছে, তিনি এখন আর তাদের লাশের গন্ধের পাশ দিয়ে ভোট চাইতে পারেন না। মানুষ ভোলেনি কিছু দিন আগেই শতশত পোড়া মানুষের গন্ধের কথা।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা অগ্নিদগ্ধের গন্ধ ভুলিনি, স্বজনদের কান্না আমাদের আহুত করে। আপনি স্বজনদের লাশের উপর দিয়ে কিভাবে ভোট চান? আপনি ভোট চাইতে পারেন না। আপনি একজন মা, অনুগ্রহ করে স্বজনদের কাছে ভোট চেয়ে তাদেরকে ব্যথিত করবেন না। তাদের কষ্টটা বাড়িয়ে দিবেন না।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, আজকে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা দাঁড়িয়েছি কারণ, হরতাল-অবরোধ দিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করা হয়েছিল, ছাত্রদের কাছ থেকে জীবন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল।
তিনি আরও বলেন, ভোট চাওয়ার অধিকার সকলের রয়েছে। কিন্তু রাজনীতির নামে যারা সহিংসতা করে তাদের ভোট চাওয়ার কোন অধিকার নেই।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তমালিকা কর্মকার, অরুণা বিশ্বাস, আফরোজা বানু, ফেরদৌসী প্রিয়ভাষিনী, অভিনয় শিল্পী তুষার প্রমুখ।
এমএ/এমকে





